প্রযুক্তি ভিক্তিক স্টার্টআপের জন্য বিধিমালা প্রণয়নে কাজ করবে বিএসইসি

২৩ অক্টোবর, ২০২৩ ২০:২১  

দেশে স্টার্টআপ কোম্পানিগুলোর জন্য নতুন বিধিমালা প্রণয়ন করবে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এজন্য প্রয়োজনীয় সব উদ্যোগ গ্রহণের পাশাপাশি দেশে স্টার্টআপ কোম্পানিগুলোকে পুঁজিবাজারে আনার জন্য বিএসইসি, স্টার্টআপ বাংলাদেশ লিমিটেড, বাংলাদেশ ব্যাংক, জাতীয় রাজস্ব বোর্ডসহ সরকারি বেসরকারি পর্যায়ের অংশীজনদের প্রতিনিধির সমন্বয়ে একটি কমিটি গঠনের উদ্যোগ নেয়ার কথা জানিয়েছেন বিএসইসি কমিশনার ড. শেখ শামসুদ্দিন আহমেদ।

সোমবার রাজধানীর আগারগাঁওস্থ বিএসইসি’র মাল্টিপারপাস হলে বিএসইসি ও স্টার্টআপ বাংলাদেশ লিমিটেড এর যৌথ উদ্যোগে আয়োজিত ‘ব্রিং বাংলাদেশি টেকনোলজি স্টার্টাপ টু দ্য পাবলিক মার্কেট’ শীর্ষক ফোকাস গ্রুপ আলোচনায় সভাপতির বক্তব্যে এসব তথ্য জানান তিনি।

বিএসইসি কমিশনার বলেন, দেশে টেকনোলজিসহ সবধরণের স্টার্টআপ কোম্পানির জন্য ব্যবসার পরিবেশ সৃষ্টি করে তাদের উদ্যোগগুলো বাস্তবায়নের মাধ্যমে কর্মসংস্থানের তৈরি করতে হবে। স্টার্টআপ কোম্পানির মাধ্যমে ব্যবসার পাশাপাশি পরিবেশ সংরক্ষণ, সামাজিক উন্নয়ন এবং সুশাসন বিষয়েও সকলকে অবহিত থাকতে হবে। তিনি স্টার্টআপ কোম্পানি ও সংশ্লিষ্টদের গ্রহণযোগ্যতা এবং নির্ভরযোগ্যতা নিশ্চিতের উপর গুরুত্বারোপ করেন।

ড. শেখ শামসুদ্দিন আহমেদ বলেন, পুঁজিবাজারে স্টার্টআপ কোম্পানিগুলোকে আনার ক্ষেত্রে বিদ্যমান সিকিউরিটিজ আইন ও বিধির ক্ষেত্রে অব্যাহতি প্রয়োজন। দেশে স্টার্টআপ কোম্পানিগুলোর জন্য নতুন বিধিমালা প্রণয়নের জন্য বিএসইসি প্রয়োজনীয় উদ্যোগ নিবে।

এ সময় তিনি বাংলাদেশের স্টার্টআপ কোম্পানিগুলোকে নিয়ে স্মার্ট পোর্টাল তৈরি করার জন্য স্টার্টআপ বাংলাদেশ লিমিটেডকে অনুরোধ করেন। এই পোর্টাল থেকে স্টার্টআপ কোম্পানিগুলো সম্পর্কে দেশি ও বিদেশি বিনিয়োগকারীরা আরো ভালো ধারণা পেতে সক্ষম হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

সভায় স্টার্টআপ বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সামি আহমেদ বাংলাদেশে স্টার্টআপ কোম্পানিগুলোকে সুযোগ দেয়ার এবং তাদের সম্ভাবনাকে কাজে লাগানোর এখনই সবচেয়ে উপযুক্ত সময় বলে জানান এবং স্টার্টআপ কোম্পানিগুলোর জন্য দেশে ব্যবসার সহায়ক পরিবেশ গড়ে তোলার আশাবাদ ব্যক্ত করেন।

আলোচনা সভার শুরুতে ‘ব্রিং বাংলাদেশি টেকনোলজি স্টার্টাপ টু দ্য পাবলিক মার্কেট’ শীর্ষক প্রেজেন্টেশন প্রদান করেন স্টার্টআপ বাংলাদেশ লিমিটেডের পরিচালনা পর্ষদের সদস্য আরিফ খান। তিনি বাংলাদেশের প্রেক্ষাপটে স্টার্টআপ কোম্পানি এবং উদ্যোক্তাদের জন্য ব্যবসার পরিবেশ সম্পর্কে ধারণা দেন। এছাড়াও দেশে স্টার্টআপ কোম্পানির বিদ্যমান অবস্থান ও অর্থায়নের বিষয়টি নিয়ে সরকারি উদ্যোগ এর কথা তুলে ধরেন তিনি। বিগত দশকে দেশে স্টার্টআপ কোম্পানির প্রতিষ্ঠা এবং তাদের মাধ্যমে সৃষ্ট কর্মসংস্থান, দক্ষতা উন্নয়নসহ অর্থনৈতিক প্রভাবের বিষয়ে আলোচনা করেন তিনি।